মুস্তাফিজকে ক্ষতিপূরণ দিচ্ছে বিসিবি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:১৪

জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ছাড়পত্র দেওয়া হয়নি তাকে। তাতে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মুস্তাফিজকে, তা পূরণ করতেই তাকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিবে বিসিবি। জানতে চাইলে বিসিবি একাডেমিতে জিম সেশনে ব্যস্ত মুস্তাফিজও গতকাল বলেছেন, হ্যাঁ, দিবে বলেছে। দেখা যাক। ২০১৭ সালে প্রথমবার পিএসএলে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। যদিও লাহোর কালান্দার্সের হয়ে সেবার খেলা হয়নি তার। ২০১৮ সালে পিএসএল খেলেছিলেন এই তরুণ। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে মুস্তাফিজকে আইপিএল, পিএসএলে খেলতে ছাড়পত্র দেয়নি বিসিবি। দুটি ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট মিস করায় মুস্তাফিজ পাচ্ছেন আর্থিক পূরণ। দেরিতে হলেও ক্রিকেটারদের আন্দোলনের জোয়ারে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন বাঁহাতি এই পেসার।