শেষ ম্যাচেও জয় চায় চট্টগ্রাম আবাহনী

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:১৬

প্রথম দুই ম্যাচ জেতায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনাল একরকম নিশ্চিতই হয়ে গেছে চট্টগ্রাম আবাহনীর। তার পরও আজ শুক্রবার মোহনবাগানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে তারা, জানিয়েছেন দলটির কোচ মারুফুল হক।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী টিসি স্পোর্টসের বিপক্ষে ৪-১ গোলের জয় পায় স্বাগতিক দলটি। এরপর গত বুধবার ইয়ং এলিফ্যান্টের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়েও অধিনায়ক জামাল ভুঁইয়ার নৈপুণ্যে ৪-২ গোলের জয় পায় দলটি। টানা দুই জয় দলটিকে সেমিফাইনালের পথে এগিয়ে দিয়েছে অনেকটাই। আজ প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই শেষ চারে উঠে যাবে মারুফুল হকের শিষ্যরা।

বুধবার আবাহনীর কাছে হারা এলিফ্যান্টের শেষ চারের আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। আজ বিকালে দিনের শুরুর ম্যাচে নিজেরা শিরোপাধারী টিসি স্পোর্টসকে হারাতে পারলে আর আবাহনী শেষ ম্যাচে না হারলেই শেষ চারে উঠে যাবে লাওসের দলটি।

টিসি স্পোর্টস আর ইয়ং এলিফ্যান্টকে টানা দুই ম্যাচে হারিয়েও তৃপ্ত নন কোচ মারুফুল। আগের ম্যাচে প্রতিপক্ষের জালে চার গোল জড়িয়েও বলেছিলেন সামর্থ্যের মাত্র ৬০ ভাগ দিয়েছে তার দল। দ্বিতীয় ম্যাচের পর বললেন, ‘এই ম্যাচে এটা ৭০ ভাগে উন্নীত হয়েছে।’

সে উন্নতিটা আজ আরো ৩০ ভাগ হোক, এমনটাই চাওয়া মারুফুলের। জানালেন শেষ ম্যাচেও জয়ের জন্যই লড়বে তার দল। তিনি বলেন, ‘প্রতিযোগিতার ফিক্সচার যখন হাতে পেয়েছিলাম তখন থেকেই আমার দলকে এমন ঠাসবুনটের সূচির জন্য প্রস্তুত করেছি। মোহনবাগানের বিপক্ষেও পূর্ণশক্তির দল নামাতে সমস্যা নেই আমাদের। পূর্ণ তিন পয়েন্টের জন্যই লড়বে ছেলেরা।’

অধিনায়ক জামাল আরেক কাঠি সরেস। জানালেন, ভারতীয় দলটিকে টুর্নামেন্ট থেকে বিদায় করতে চান। তিনি বলেন, ‘আর কে কেমন চায় তা জানি না। আমি ব্যক্তিগতভাবে টুর্নামেন্ট থেকে ভারতীয়দের বিদায় দেখতে চাই। এটা আমার জন্য একটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।’

শেষ ম্যাচে দলে পরিবর্তন এলে সেটা ফলাফলে বিরূপ প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নও ধেয়ে এসেছিল চট্টগ্রাম অধিনায়কের দিকে। জামালের উত্তর, ‘বেঞ্চের খেলোয়াড়রা, যারা এখনো সুযোগ পায়নি; তারাও নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে আছে। মোহনবাগানের বিপক্ষে এরা খেললেও ভালো ফলই আসবে আশা করি।’

প্রতিপক্ষ মোহনবাগানের চাওয়াও অভিন্ন। প্রথম ম্যাচে ইয়ং এলিফ্যান্টসের কাছে নাটুকে হারের পর গত বুধবার শিরোপাধারী টিসি স্পোর্টসকে ২-০ গোলে জিতেছিল দলটি। শেষ চারে উঠতে হলে আজও সে ধারা ধরে রাখতে হবে তাদের। নতুবা বেজে যাবে বিদায়ঘণ্টা। এমন অবস্থায় জয় ছাড়া কিছু ভাবছেনও না দলটির কোচ কিবো ভিকুনা। জানালেন, জয় নিয়ে সেমিফাইনালে যাওয়ার জন্য নিজেদের কাজটা করে রাখতে চায় তার দল।