বাংলাদেশের বিপক্ষে সিরিজ

টি-টোয়েন্টিতে নেই কোহলি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:১৭

আগেই এমনটা শোনা গিয়েছিল। বিভিন্ন সূত্র জানাচ্ছিল, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেতে পারেন বিরাট কোহলি। সেটাই হয়েছে। কোহলির বদলে এই সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। অবশ্য টেস্ট সিরিজে আবার ফিরে আসছেন ভারতীয় অধিনায়ক। গতকাল বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য টেস্ট ও টি-টোয়েন্টির আলাদা আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে ভারত।

টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সাঞ্জু স্যামসন। ২০১৫ সালে তিনি শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। তারপর এই আবার ডাক পেলেন। টি-টোয়েন্টি দলে আছেন শ্রেয়াশ আয়ার, মনীশ পান্ডে, শিভাম দুবে, শার্দুল ঠাকুর, খলিল আহমেদের মতো তরুণ খেলোয়াড়েরা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই এই তরুণদের যাচাই করে দেখছে ভারত।

অন্যদিকে এবারও দলে ডাক পাননি মহেন্দ্র সিং ধোনি। ফলে তার ভবিষ্যত্ আগের মতোই অনিশ্চিত আছে। তার বদলে ঋষভ পান্ট দায়িত্ব পালন করবেন উইকেটের পেছনে।

টেস্টে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। তবে নতুনদের মধ্যে এই ফরম্যাটে ডাক পেয়েছেন শুভমান গিল।

টি-টোয়েন্টি স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ আইয়ার, মনীশ পান্ডে, ঋশভ পান্ট (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভাম দুবে ও শার্দুল ঠাকুর।

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল ও রিশাব পান্ট।