এক গ্রুপে লড়বে

বাংলাদেশ-পাকিস্তান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:১৭

অনূর্ধ্ব-১৯

বিশ্বকাপ

গ্রুপ-এ: ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান

গ্রুপ-বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নাইজেরিয়া

গ্রুপ-সি: বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড

গ্রুপ-ডি: দ. আফ্রিকা, আফগানিস্তান,

আরব আমিরাত, কানাডা

বাংলাদেশের সূচি

তারিখ            ম্যাচ                          ভেন্যু

১৮ জানুয়ারি    বাংলাদেশ-জিম্বাবুয়ে     মার্কস ওভাল

২১ জানুয়ারি    বাংলাদেশ-স্কটল্যান্ড      উইটর্যান্ড ওভাল

২৪ জানুয়ারি    বাংলাদেশ-পাকিস্তান     মার্কস ওভাল

এবারের যুব বিশ্বকাপকে সামনে রেখে অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। গত কয়েক মাসের মধ্যে তারা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে খুব সফল দুটি সফর করে এসেছে। অবশেষে এই প্রস্তুতিতে কাজে রূপান্তর করে দেখানোর সময় এসে গেল। আগামী ১৭ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের চূড়ান্ত সূচি গতকাল ঘোষণা করেছে আইসিসি।

যথারীতি চারটি গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দল লড়বে এই বিশ্বকাপে। বাংলাদেশ এখানে ঠাই পেয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। এ ছাড়া ‘এ’ গ্রুপে আছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। সেখানে তাদের সঙ্গী নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও নবাগত জাপান। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নাইজেরিয়া। আর ‘ডি’ গ্রুপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গী আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডা।

বাংলাদেশের খেলা শুরু হবে টুর্নামেন্ট শুরুর একদিন পর। ১৮ জানুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ জানুয়ারি বাংলাদেশের লড়াই স্কটল্যান্ডের বিপক্ষে। আর ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে কঠিন লড়াই আকবর আলীদের।

প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল চলে যাবে সুপার লিগের কোয়ার্টার ফাইনালে। আর পরের দুটি দল চলে যাবে প্লেট পর্বের কোয়ার্টার ফাইনালে। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্লেট ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি দুটি সুপার লিগ সেমিফাইনাল। আর ৯ ফেব্রুয়ারি জেবি মার্কস ওভালে অনুষ্ঠিত হবে সুপার লিগ ফাইনাল।

টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যু হচ্ছে পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভাল। এই ভেন্যুতে দুটি সুপার লিগ কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। 

আইসিসির পূর্ণাঙ্গ সদস্য ১১টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সরাসরি। এর সঙ্গে যোগ হয়েছে, পাঁচ মহাদেশীয় ক্রিকেটাঞ্চলের পাঁচ চ্যাম্পিয়ন দল। আফ্রিকা থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে নাইজেরিয়া। আর পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সেরা দল হিসেবে এসেছে জাপান। আমেরিকা সেরা কানাডা, এশিয়ার সেরা সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের সেরা স্কটল্যান্ড লড়বে টুর্নামেন্টে। এবারের টুর্নামেন্টে নিয়মিত দলগুলোর পাশাপাশি বাছাইপর্ব পার করে এসেছে দুটি নতুন দল। জাপান ও নাইজেরিয়া প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাচ্ছে।

আধুনিক ক্রিকেটের অনেক সেরা সেরা খেলোয়াড় বেরিয়ে এসেছেন এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে। বর্তমান বিশ্বের সেরা চার ব্যাটসম্যান স্টিভ স্মিথ, বিরাট কোহলি, জো রুট ও কেন উইলিয়ামসন এই যুব বিশ্বকাপেই প্রথম নিজেদের মেলে ধরেছিলেন। ব্রায়ান লারা, মাইক আথারটন, মাইকেল ক্লার্ক, বীরেন্দর শেবাগ, ইনজামাম-উল-হক, রশিদ খান খেলেছেন এই টুর্নামেন্ট। বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরাও এই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছেন।