স্বস্তির বাতাস ফিরেছে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। বিসিবি মেনে নিয়েছে ক্রিকেটারদের ৯টি দাবি। এবার মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়ার পালা। আজ থেকেই শুরু হচ্ছে ভারত সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। বেলা ৩টায় শুরু হবে ক্যাম্পের কার্যক্রম।
মিরপুর স্টেডিয়াম ত্যাগের আগে জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন গতকাল জানিয়েছেন, আজ ক্যাম্পের শুরু থেকেই স্কিল সেশন হবে। ফিটনেসের কাজ হবে না।
এদিকে আজ সকালেই ঢাকায় এসে পৌঁছাবেন জাতীয় দলের কোচিং স্টাফরা। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল জানা গেছে, সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যেই সব কোচ চলে আসবেন।
ক্যাম্পের শুরু থেকেই হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুককে পাবে জাতীয় দল। বাদ যাচ্ছেন না ড্যানিয়েল ভেট্টোরিও। নতুন স্পিন কোচও অনুশীলনের শুরু থেকে থাকবেন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ভেট্টোরি সাকিবদের স্পিন কোচ নিয়োগ পাওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন।
বিসিবি এখন ক্রিকেটেই মনোযোগী। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ক্যাম্প শুরু হবে আজ শুক্রবার বিকেলে। গতকাল তিনি বলেছেন, ‘আসন্ন ভারত সফরের জন্য আগামীকাল (আজ) থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী, কোচিং স্টাফের সবাই সকালের মধ্যে এখানে চলে আসবেন। বেলা ৩টা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে।’
তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ জাতীয় দল।
