বেলফোর্টের গোলে আবাহনী সেমিতে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

ম্যাচ জয়ের খুশিতে ওয়ালী ফয়সাল ডাগআউটে এসে সবার সঙ্গে হাত মেলালেন। সাইড লাইনে পড়ে থাকা মামুনুল ইসলাম দৌড়ে গিয়ে কোরিয়ান মিনহিউককে পায়ের আলতো ছোঁয়া দিয়ে অধিকারের স্বরে বলছেন তুমি কেন গোলে শট করলে না। সানডে গায়ের জার্সি খুলে সবার সঙ্গে কোলাকুলি করলেন। খেলা শেষে ডাগআউটে আবাহনীর এই সব ফুটবলারের মধ্যে কাল যেন অনেক বড় কিছু জয়ের আনন্দ বয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ৯০ মিনিটের লড়াই, শেষ পর্যন্ত খেলার একমাত্র গোলটি এসেছে ৮১ মিনিটে। হাইতির ফুটবলার বেলফোর্টের গোলের ওপর ভর করে আবাহনী সাইফ স্পোর্টিংকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিল।

খেলায় হেরে স্বাধীনতা কাপের টুর্নামেন্ট হতে বিদায় নেওয়া সাইফ স্পোর্টিং ক্লাবের ইংলিশ কোচ জনাথন ম্যাকেন্সট্রি উচ্ছ্বসিত প্রশংসা করলেন ম্যাচের। জয়-পরাজয়ের কথার চেয়ে আগেই বলে নিলেন এই খেলাটি যারা দেখেছে তারা অনেক আনন্দ পেয়েছে। তিনি বলেন, ‘ফুটবলের জন্য আজকে আবাহনী এবং সাইফ স্পোর্টিংয়ের খেলাটি ছিল অনেক বড় বিজ্ঞাপন। প্রতিটি আক্রমণে স্ফুলিঙ্গ ছড়িয়েছে। দুই দলই দুর্দান্ত সব আক্রমণ করেছে। ফুটবল এমন খেলা, কাউকে জেতাবে; কাউকে হারাবে। জীবনটাতো সব সময় সুখের হয় না। আমি খেলোয়াড়দের খেলায় খুশি।’

সাইফের বিপক্ষে জিততে গিয়ে ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনীর চোখে পানি আসার মতোই পরিস্থিতি হয়েছিল। এত ভালো খেলেও গোলের দেখা না পাওয়াটা ছিল তাদের কাছে না মেনে নেওয়ার মতো। আবাহনী চায়নি খেলাটা অতিরিক্ত সময়ে গড়াক। ৯০ মিনিটের লড়াইয়ে গোলের খাতায় নাম লিখিয়ে জয়ের মালা গলায় পরতে মরিয়া হয়ে উঠে গোলের জন্য।

দ্বিতীয়ার্ধে গিয়ে আবাহনী সাইফ স্পোর্টিংয়ের ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে খেলেছে তা ছিল দেখার মতো। গোল পাওয়াটা ছিল সময়ের ব্যাপার। সাইফের গোল পোস্টের নিচে ঝড় তুলেও আবাহনী গোল করতে পারছিল না। বার বার ব্যর্থ হচ্ছিলেন ওয়ালী ফয়সাল, সানডেম বেলফোর্ট, সোহেল রানাদের চেষ্টাগুলো। এরই মধ্যে মাঠে উত্তজনাও ছড়াল। দুই দলের খেলোয়াড়ের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে রেফারি হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আবাহনীর আক্রমণ সামাল দিয়ে সাইফের রক্ষণে ফাটল  ধরছিল। শেষ পর্যন্ত অনেক অপেক্ষার গোলটি আসে খেলার ৮১ মিনিটে। বাম প্রান্ত হতে আবাহনীর সোহেল রানা ক্রস ফেলেন। নাইজেরিয়ান সানডে হেড করলে বল পোস্টের নিচে দাঁড়ানো সাইফের গোলকিপার জিয়া ফিরিয়ে দিলেও হাইতির ফুটবলার বেলফোর্ট পুশ করে গোল করেন ১-০। আবাহনীর পর্তুগীজ কোচ লুসিয়ানো লেমস বললেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম কারণ সাইফ কাউন্টার আক্রমণে খুবই ভালো। আমাদের সানডে ইনজুরি থেকে ফিরেছে। পুরোপুরি ফিট হয়নি। আশাকরি সেমিফাইনালের আগেই তার স্বমহিমা দেখা যাবে।’ আজ বসুন্ধরা ও রহমতগঞ্জ ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে আবাহনী।  

আজ শেষ কোয়ার্টার ফাইনাল

বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। ৪টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম।