রাণীনগরে আমন খেতে আসছে শীষ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:১৮

রাণীনগরে আমনের খেতে বের হতে শুরু করেছে ধানের শীষ। চলতি আমন মৌসুমে উপজেলায় কৃষি বিভাগের নির্ধারণ লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪ হাজার ৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ ও কৃষকরা। কিন্তু ধানের দাম না পাওয়ায় হতাশ কৃষকরা।

উপজেলার শিয়ালা গ্রামের কৃষক ছলিম উদ্দিন বলেন, এখন ধানের জমি মানে আমাদের গলার ফাঁস। কারণ ধানের দাম না পেলেও চাষ করতে হচ্ছে। এই জমিগুলোতে ধান চাষ করা ছাড়া আর কোনো আবাদ করা সম্ভব নয়। তাই অনেকটা বাধ্য হয়েই ধান চাষ করছি। কিন্তু সঠিক দাম পাওয়ার জন্য কৃষকদের দিকে সরকারের জোড়ালো নজর দেওয়া উচিত। প্রতি মৌসুমের শেষের দিকে এসে ধানের দাম পড়ে যাচ্ছে। এখন ধানের যে অবস্থা তাতে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

কাটরাশইন গ্রামের কৃষক রণজিত সাহা বলেন, এভাবে ধানের দামের দরপতন চলতে থাকলে কৃষকরা হতাশে মারা যাবে। অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ধান উত্পাদন করে কৃষকরা। কিন্তু কষ্টের মূল্য পাচ্ছেন না কৃষকরা। মাঠে ধানের শীষ যেভাবে ফুটতে শুরু করেছে তাতে ফলন অনেকটাই ভালো হবে বলে আমি আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, চাষ ধানের মধ্যে উন্নত ফলনশীল উফশী ও স্থানীয় জাতের মধ্যে উল্লেখযোগ্য চিনি আতপ এবং বিন্না ফুল উল্লেখযোগ্য। তবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানে এবং আবহাওয়া অনুকূলে থাকে তাহলে চলতি মৌসুমেও কৃষকরা আমন ধানের বাম্পার ফলন পাবেন।