সুনামগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২২

সুনামগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলাব্যাপী শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগার স্থাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার সদর উপজেলায় স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। এর নাম দেওয়া হয়েছে ‘শেকড়ের সন্ধানে’। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছে এই কর্নারে। এতে রাখা হয়েছে বঙ্গবন্ধুর জীবনের নানা পর্যায়ে বেশ কিছু আলোকচিত্র। সকালে এটির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে মুজিববর্ষ পালনের বিভিন্ন উদ্যোগের মধ্যে সুনামগঞ্জে শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগার স্থাপনের কর্মসূচি চলছে।