প্রথম টেস্ট জিতে ভারত যখন ফুরফুরে মেজাজেই পার্থ টেস্টে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল, তখনই আসলো দুঃসংবাদ। ইনজুরির কারণে আজ থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন না রবীচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা। প্রথম টেস্টের পঞ্চম দিনে অ্যাডিলেডে ফিল্ডিংয়ের সময় পিঠে চোট পান রোহিত, সেটা এখনো সেরে ওঠেনি। অন্যদিকে, অশ্বিনের তলপেটে ব্যথা।
পার্থ টেস্টের জন্য তাই যে ১৩ সদস্যের নাম ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাতে এই দু’জনের নাম নেই। অশ্বিনের অভাব পূরণ করতেই কি না, চার পেসার খেলানোর পরিকল্পনাও করছে বিরাট কোহলির দল। তাদের এই পরিকল্পনায় আশা যোগাচ্ছে পার্থের ঘাসের উইকেট।
এই দলে নেই অভিষেকেই ব্যাট হাতে দাপট দেখানো ওপেনার পৃথ্বী শ। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, ‘শ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। তবে, পুরো ছন্দ পেতে তার আরো কিছুদিন সময় লাগবে।
অশ্বিন গেল টেস্টে খুব পরিশ্রমী বোলারদের একজন ছিলেন। দুই ইনিংস মিলে করেছেন ৮৬.৫ ওভার। এক টেস্টে এর আগে আর কোনো বোলারই এতগুলো ওভার বল করেননি। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে তিনি টানা ৫২.৫ ওভার বল করেছিলেন। এর মধ্যে তিনি ছয়টি উইকেটও পেয়েছিলেন। তবে, দ্বিতীয় টেস্ট শুরুর আগে অনুশীলন তো দূরের কথা, ব্যথার জন্য বলই হাতে নিতে পারছেন না তিনি। তলপেটের ব্যথাটা অশ্বিনের খুব পুরনো সমস্যাগুলোর একটি। আর আছে কুঁচকির ইনজুরি। এবছরই ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটন টেস্টটা তিনি খেলেছিলেন কুঁচকির চোট নিয়ে। এটা তার কার্যকারিতাও কমিয়ে দিয়েছিল ওই টেস্টে। এই ইনজুরির কারণে ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরোটা সময় তিনি ছিলেন মাঠের বাইরে। এমনকি ২০১৬-১৭ মৌসুমেও ১৩টা টেস্ট তাকে দেখতে হয়েছিল মাঠের বাইরে থেকে।
কুলদ্বীপ যাদবের জায়গায় সম্ভবত খেলবেন রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মার জায়গায় ছয় নম্বর পজিশনে একাদশে ফিরছেন হানুমা বিহারি। ভারত সব ঠিকঠাক থাকলে চার পেসার নিয়ে খেলতে নামবে। ভূবনেশ্বর কুমার ও উমেশ যাদবের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। ]
অ্যাডিলেডের জয় দিয়ে ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত। গেল সোমবার অ্যাডিলেডে অজিদের ৩১ রানে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন বিরাটরা। ২০০৩ সালের পর অ্যাডিলেডে ফের জয় পায় ভারত। অন্যদিকে পার্থে ২০০৮ সালে ভারত টেস্ট জিতেছিল। সেই পার্থেই নামছে ভারত। তবে, এবার আর ওয়াকা নয়, খেলা হবে ভিন্ন এক মাঠে।
এই ম্যাচ দিয়েই টেস্টের ইতিহাসে ঢুকে যাচ্ছে নতুন একটি ভেন্যুর নাম। নতুন এই পার্থ স্টেডিয়ামে মাঠে নামার আগে পিচ দেখে সন্তোষ জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিশেষ করে নিজেদের দারুণ একটা পেস আক্রমণ থাকাই কোহলির সন্তুষ্টির কারণ। কোহলি বলেন, ‘পিচ দেখে আমার পছন্দ হয়েছে। আশা করি, কোনো সবুজ ঘাস ওখান থেকে কেটে ফেলা হবে না। এর অর্থ হলো প্রথম তিন দিন উইকেটটা যথেষ্ট জীবন্ত থাকবে। দল এই উইকেটে খুবই খুশি। আমাদের ব্যাটিং ইউনিটকে চ্যালেঞ্জ নিতে হবে। ব্যাটসম্যানদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে, যাতে করে বোলারদের পাশে থাকা যায়, যেমনটা অ্যাডিলেডে করেছিলাম।
পার্থ টেস্টের জন্য ১৩ সদস্যের ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋশভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব।
