শিক্ষক সংকট

মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষার অবস্থা করুণ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২৩

মনোহরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষার অবস্থা করুণ হয়ে পড়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের ওপর পড়েছে এর প্রভাব।  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী গৌর নিতাই পোদ্দার জানান, উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশেই রয়েছে সহকারী শিক্ষক সংকট। সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন ৯৮টি পদ শূন্য থাকায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে এখানকার শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ের অন্য শিক্ষকদের দিয়ে কোনোরকম জোড়াতালি দিয়ে চলছে পাঠদান। মানসম্মত শিক্ষার জন্য সন্তানদের নিয়ে কিন্ডার গার্টেন স্কুলের দিকে ছুটছেন অভিভাবকরা। কিছু অভিভাবক বাচ্চাদের জেলা শহরে নেওয়ার কথাও ভাবছেন। এছাড়া ২০টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকায় মাঝিবিহীন নৌকায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানগুলো। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম শিক্ষক সংকটের সত্যতা স্বীকার করে জানান, চলমান শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে বিদ্যমান শূন্য পদের তালিকা এরই মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। শিগিগরই এ সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।