সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২৫

গুজব সম্পর্কে সচেতনতামূলক সভা

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে বৃহস্পতিবার সমাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, র্যাব ক্যাম্প কমান্ডার এম এম মোহাইমেনুর, এনএসআইয়ের উপ পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।

৫০০ কৃষকের মধ্যে কৃষিসামগ্রী বিতরণ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে পরিবেশবান্ধব উপায়ে শতভাগ নিরাপদ সবজি চাষ, ফসলের উত্পাদনশীলতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে বৃহস্পতিবার পলাশের ৫০০ কৃষক-কৃষানিদের মধ্যে বিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।  পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে কৃষি সামগ্রী বিতরণ করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শরীফুল হক প্রমুখ।

পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা বিএনপির পাকুন্দিয়া পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের স্বাক্ষরে ১০১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন হয়। কমিটিতে এস এ এম মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক, শরীফুল ইসলাম সুজনকে প্রথম যুগ্ম-আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজয়নগরে মাদক ও বাল্যবিবাহ রোধে সমাবেশ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলহাজ আমেনা বেগম দাখিল মাদ্রাসায় মাদক ও বাল্যবিবাহ রোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সুপারিনটেনডেন্ট মাওলানা মুখলেছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়জুল আজিম নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ওসি আতিকুর রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ইমরান খান, প্রত্যাশা চেয়ারম্যান মনছুরুল হক, ইউপি চেয়ারম্যান হাজি জিতু মিয়া, উপাধ্যক্ষ মো. জহির উদ্দিন প্রমুখ।

বিশ্ব পোলিও দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীতে বৃহস্পতিবার র্যালি ও পথসভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পোলিও দিবস। রোটারি ক্লাব পটুয়াখালীর আয়োজনে র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র রোটারিয়ান মহিউদ্দিন আহমেদ। র্যালি শেষে পৌর নিউমার্কেটের প্রধান গেটে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন রোটারি ক্লাব পটুয়াখালীর সভাপতি নাসরিন মোজাম্মেল এমা, সাধারণ সম্পাদক মলয় কর্মকার প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে হঠাত্ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৮৩ জন রোগী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, সাপ্লাইয়ের পানি পান করার ফলে এ অবস্থা হচ্ছে বলে সন্দেহ করছি। আমি, পৌর মেয়র ও পৌর মেডিক্যাল অফিসার সরেজমিনে তদন্ত করে দেখেছি। পানি পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ পর্যন্ত ৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পানি থেকেই ডায়রিয়া হচ্ছে কি না তা আজ জানা যাবে।

মাধ্যমিক পর্যায়ের মিড-ডে মিল উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিঞার সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিম, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, প্রধান শিক্ষক শাহজাহান মিঞা প্রমুখ।

রাবিসাসের সুবর্ণজয়ন্তী উত্সব শনিবার

রাবি সংবাদদাতা দিনব্যাপী নানা আয়োজনে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ৫০ বছর পূর্তি উত্সব (সুবর্ণজয়ন্তী)। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে উত্সবের উদ্বোধন করবেন ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

ইঁদুর নিধন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা কিশোরগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে হলরুমে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট।

সীমান্তবিষয়ক সচেতনতামূলক সভা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার ফুলবাড়ী শহিদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষার্থীদের নিয়ে সীমান্তবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী শহিদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক, মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফউল্লাহ আবেদ, এসজিপি।