হবিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:৪৭

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মাঝে গুরুতর আহত ২২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সদস্য তোফাজ্জল হক তালুকদারের বাড়ি থেকে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া গ্রামের বিভিন্ন বাড়ি থেকে শতাধিক দেশি ধারালো অস্ত্র ও সংঘর্ষে ব্যবহূত ঢাল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বর্তমান ইউপি মেম্বার কাজী জানে আলম এবং মতি মিয়া তালুকদারের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তোফাজ্জল হক তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার গ্রামের কয়েকজন শিশুর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি রাতে মীমাংসা করে দেন কাজী জানে আলম। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তোফাজ্জল তালুকদারের লোকজন হামলা চালিয়ে জানে আলমকে আহত করে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হক তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।