সাবধানতায় সংক্রমণের ৯০ ভাগই প্রতিরোধযোগ্য

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২২:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, অবস অ্যান্ড গাইনির সিজারসহ যেকোনো ধরনের অপারেশন করার পূর্ব প্রস্তুতি ও অপারেশন চলাকালীন প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করলে ৯০ ভাগ সংক্রমণই প্রতিরোধ করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের উদ্যোগে অপারেশন বা অস্ত্রোপচার-পরবর্তী বিভিন্ন ধরনের সংক্রমণ বিষয়ে কনটিনিউ মেডিক্যাল এডুকেশন (সিএমই) শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন,

চিকিত্সক ও নার্সদের পুঁথিগত বিদ্যা মুখস্থ করলেই চলবে না, প্রায়োগিক শক্তি ও জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে এ কথা উল্লেখ করে উপাচার্য বলেন, স্বাস্থ্যসম্মতভাবে অপারেশনস্থলে উপস্থিত হয়ে হাইজেনিক এনভায়রনমেন্ট নিশ্চিত করে অত্যন্ত সতর্কতার সাথে রোগীকে সুস্থ করতে হবে। প্রধান অতিথি অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের শরীরের অস্ত্রোপচারের স্থানে বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে ও সংক্রমিত স্থান উন্নত ও সুচিকিত্সার মাধ্যমে নিরাময়ের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিত্সক, নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অবস অ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ও সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজদ। অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস বলেন, পরিবশ ও ভিজিটর এবং রোগীর শরীরের নানা সমস্যার কারণে, সংক্রমণের শিকার হয়ে থাকেন রোগী। এটা রোগীদের দীর্ঘদিন ভোগ করতে হয়। সংক্রামণ মোকাবিলায় প্রয়োজনীয় সতকর্তা অবলম্বনসহ পূর্ব প্রস্তুতির বিকল্প নেই।