ঘরোয়া ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়াবে আগামী ফেব্রুয়ারিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শেষ হওয়ার ১০ দিন পরই প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ঘরোয়া ক্রিকেটের অন্যতম আর্কষণীয় ওয়ানডে ফরম্যাটের এই লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি। সিসিডিএমের ইনচার্জ তৌহিদ মাহমুদ গতকাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত আসরের মতোই এবারও প্রিমিয়ার লিগে প্লেয়ার্স বাই চয়েজ লটারি পদ্ধতিতে হবে ক্রিকেটারদের দল বদল। আগের বছরের দল থেকে ধরে রাখা ক্রিকেটার (রিটেইন) কতজন হবে তা এখনও ঠিক হয়নি। তবে গত বছর পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখতে পেরেছিল ক্লাবগুলো।
তিনি বলেছেন, আগামী ৯ ফেব্রুয়ারি বিপিএল শেষ হবে। তার ১০ দিন পরই আমরা প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। বিপিএলের মাঝেই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
বিপিএল খেলার পর বাংলাদেশ জাতীয় দল যাবে নিউজিল্যান্ড সফরে। ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। দেশে ফিরে ক্রিকেটাররা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলার সুযোগ পেতে পারেন। যেখানে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবেন ক্রিকেটাররা। আবার মে মাসের শুরুতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে মাশরাফি বিন মুর্তজার দল। তারপরই শুরু হবে বিশ্বকাপ মিশন।
