স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোলার বোরহানউদ্দীনের সহিংস ঘটনায় সংশ্লিষ্ট হ্যাকারদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে। গতকাল ইত্তেফাককে তিনি জানান, ঘটনার পরপরই ফেসবুকের কাছে জরুরিভাবে হ্যাকিং সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি। পাশাপাশি হ্যাকিং ঘটনায় জড়িত এরই মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও ফেসবুকের কাছ থেকে পাওয়া তথ্যে যাচাই করে প্রকৃত অপরাধীকে শনাক্ত এবং খুব দ্রুত সময় গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত রবিবার ধর্ম অবমাননার অভিযোগে ভোলার বোরহানউদ্দীনে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার জন নিহত হন। পুলিশসহ আহত হন প্রায় দেড় শতাধিক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বোরহানউদ্দীন থানায় পৃথক দুইটি মামলা করেছে। পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভিডিও ফুটেজ দেখে বুধবার রাতে রাজিব ও সজীব নামে দুই জনকে গ্রেফতার করেছে।
