এক ইউপি সদস্যসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল উপজেলার পুরিন্দা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার পাঁচরুখীর নূরে আলম (৩০) ও ঝিনাইদহ কালীগঞ্জের শহিদুল হক (৫৫)। অপর এক জনের পরিচয় পাওয়া যায়নি। নূরে আলম রিকশা চালক ও শহিদুল মিষ্টির দোকানের কর্মচারী।
ধামইরহাট (নওগাঁ) :ধামইরহাটে উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য কহিনুর বেগম (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। কহিনুর জাহানপুর গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী।
বড়াইগ্রাম (নাটোর) :বড়াইগ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোতাহার আলী (৬০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মোতাহার আলী আহম্মেদপুর গ্রামের।
গাইবান্ধা :যাত্রীবাহী বাস এবং গরু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত ও ট্রাক চালকসহ পাঁচ জন আহত হয়েছেন। এছাড়া দুইটি গরুও মারা যায়। গতকাল রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্লাপুরের পীরগঞ্জের চক শোলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. হান্নান মিয়া (৪০) ও ইয়াকুব আলী (২২)। তারা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলংগা ইউনিয়নের রানীনগর গ্রামের।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :রূপগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল উপজেলার তারাব সুলতানা কামাল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ বসুন্ধরা মাল্টিফুড মার্কেটিংয়ে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শ্যামনগর (সাতক্ষীরা) :শ্যামনগরে বিআরটিসি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক বাবলু শেখ (৪৮) নিহত হয়েছেন। গতকাল শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের মনসুর সরদার গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি শ্যামনগর ইউনিয়নের হায়বাতপুর গ্রামের।
কালিহাতী (টাঙ্গাইল) :কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
