বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে ডাচ প্রতিষ্ঠানের আশ্বাস

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২০:৪১

ডাচ গবেষণা প্রতিষ্ঠান দি নেদারল্যান্ডস অর্গানাইজেশন ফর সাইন্টিফিক রিসার্চ (এনডব্লিও) আগামী দিন গুলোতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রসমূহ সম্প্রসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এনডব্লিও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের নয়টি প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে তাদের অধিকতর সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে।   

নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলালের সঙ্গে গত ২৫ এপ্রিল তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এনডব্লিও কর্তৃপক্ষ তাদের এই আগ্রহের বিষয়টি ব্যক্ত করেছেন।

বৈঠকে এনডব্লিও এর পক্ষে উপস্থিত ছিলেন সায়েন্স ফর গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মসূচির টিম লিডার ড. এইচজেজেজি বিয়েরকেন্স এবং ইউডিডব্লিউ এর কো-অরডিনেটর হ্যান ভান ডিজেক। বৈঠক কালে তারা বাংলাদেশে বর্তমানে ইউডিডব্লিউ এর চলমান প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

আরও পড়ুন: সাঘাটায় মসজিদের দানের টাকার হিসাব চাওয়ায় মুসল্লি খুন

রাষ্ট্রদূত বেলাল এনডব্লিও প্রতিনিধি দলকে জানান, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ প্রণয়ন করা হয়েছে। তিনি উক্ত ব-দ্বীপ পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে এনডব্লিও এর অধিকতর সহযোগিতা কামনা করেন।
 
রাষ্ট্রদূত বেলাল বৈজ্ঞানিক উপায়ে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ আহরণের ক্ষেত্রে এনডব্লিও এর সহযোগিতা কামনা করে বলেন, ডাচ গবেষণা প্রতিষ্ঠানসমূহ তাদের আধুনিক প্রযুক্তি দিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে এগিয়ে আসবে।

ইত্তেফাক/অনি