ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোস্তাকীম মিয়া (৩৫) খুনের ঘটনায় ২৪ বাড়ির প্রায় অর্ধশত ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বোকাইনগর ইউনিয়নের বালুচড়া, মানিকদী, নিজামাবাদ, স্বল্প পশ্চিমপাড়া ও বাসাবাড়ি এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাকীম মেম্বারের মৃত্যুর খবর এলাকার এলাকায় ছড়িয়ে পড়লে খুনের ঘটনার সাথে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বাড়ি ঘরে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় খুনের ঘটনার মূল হোতা স্বপন মিয়ার বাড়িসহ তাদের ২৪ সহযোগীর বাড়ির প্রায় অর্ধশত ঘর ও মালামাল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরো জানান, মোস্তাকীম মেম্বারের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী আসমা আক্তার ৮ জনকে আসামি করে (৮ ডিসেম্বর) থানায় একটি মামলা করেন। এ মামলার আসামি শাহেদ আলীকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: হোমনায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার ঘটনায় মামলা
বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব মোস্তাকীম মেম্বারকে খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর একই ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন মিয়া (৩৩) গংরা মোস্তাকীম মিয়ার ওপর হামলা চালিয়ে তার দু’পা ও ডান হাত ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করে। আহত মোস্তাকীমকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতাল এবং সর্বশেষ মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাত ৯টায় তিনি মারা যান। নিহতের ভাই আবুল বাসার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন: গৌরীপুরে ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিল অপর সদস্য
ইত্তেফাক/বিএএফ