সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লেগেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সেক্রেটারীর কক্ষের চেয়ার-টেবিল ও জরুরী কাগজপত্র এবং অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস।
এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী ও থানা যুবলীগের আহবায়ক খোরশেদ আলম সরকার এবং পুলিশ জানায়, শনিবার দুপুর ১টার দিকে এনায়েতপুর হাটে অবস্থিত তালা বদ্ধ থানা আওয়ামীলীগের কার্যালয়ের ভিতরে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে কার্যালয়ের খোলা দরজা দিয়ে দৌড়ে স্থানীয় লোকজন ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। খবর দেয়া হয় বেলকুচি ফায়ার সার্ভিস টিমকে। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কার্যালয়ের উত্তর পাশে সেক্রেটারীর রুমের আসবাব ও অন্যান্য কাগজ-পত্র পুড়ে যায়।
থানা আওয়ামী লীগের নেতারা বলেন, থানা পুলিশের কার্যালয়ের মাত্র ১শ গজের মধ্যে আওয়ামীলীগের কার্যালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত। কেউ তালা বদ্ধ ঘরে ঢুকে আগুন লাগিয়ে পালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।
আরও পড়ুন: ‘বিএনপির দুর্নীতিবাজদের ধরা হয়নি বলে আইওয়াশ বলছে ’
এদিকে ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আলামিন হোসেন জানান, আমরা খবর পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছি। তবে অনুসন্ধান ছাড়া কিভাবে আগুন লেগেছে বলা মুশকিল।
আগুন নিয়ন্ত্রনে আসার পর স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এসএইচএম