পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন, জীবিকা চলছে শতাধিক পরিবারের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০০

পাহাড়ের আঁকাবাঁকা পথ, ঘন বন আর উঁচু উঁচু গাছ। ভোরের আলো ফুটতেই জীবিকার সন্ধানে বনের গভীরে ছুটে চলেন তারা। কারো হাতে লম্বা বাঁশ, কারো কাঁধে ডিম রাখার ঝুড়ি। লক্ষ্য একটাই—গাছের ডালে পিঁপড়ার বাসা খুঁজে ডিম সংগ্রহ করা। দিন শেষে সেই ডিম বিক্রির টাকাতেই চলে সংসারের খরচ, জোটে পরিবারের মুখের খাবার। এভাবেই শেরপুরের গারো পাহাড়ে পিঁপড়ার ডিম সংগ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছে ২০০ থেকে ৩০০ মানুষের মৌসুমি জীবিকার এক ব্যতিক্রমী জগত্।

 শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রায় ৪০ কিলোমিটার বনাঞ্চল জুড়ে পাহাড়ি গ্রামগুলোতে বছরের তিন থেকে চার মাস চলে এই কর্মযজ্ঞ। এ সময়ে পাহাড়ি এলাকায় বিকল্প কাজের সুযোগ কম থাকায় কারো কাছে এটি বাড়তি আয়ের উত্স, আবার কারো কাছে পরিবারের ভরণপোষণের প্রধান অবলম্বন। জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বনের গভীরে কিংবা উঁচু গাছে উঠে ডিম সংগ্রহ করেন তারা।

গারো পাহাড়ের শাল, গজারি, মেহগনি, আম ও লিচুসহ বিভিন্ন গাছে বাসা বাঁধে এক ধরনের বড় লাল পিঁপড়া। নিজেদের ডিম সুরক্ষিত রাখতে গাছের ডালের অগ্রভাগে চার-পাঁচটি পাতা লালা দিয়ে জোড়া লাগিয়ে বাসা তৈরি করে তারা। পাতার ভাঁজে তৈরি সেই বাসার ভেতরেই থাকে পিঁপড়ার ডিম। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীর বাসাই এখন পাহাড়ের বহু অসচ্ছ্বল পরিবারের কাছে আয়ের অন্যতম উত্স।

পিঁপড়ার ডিম সংগ্রহকারী রাংটিয়া গ্রামের সাকিব, শামীম, শাহজাহান, জুলহাস ও রতন কোচের সঙ্গে কথা বলে জানা যায়—লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের ডাল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়। একটি বড় বাসা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। রাংটিয়া বউ বাজারে প্রতিদিন বসে পিঁপড়ার ডিমের বাজার। সেখানে প্রতি কেজি ডিম বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। পরে কার্টনে ভরে এসব ডিম পাঠানো হয় পাইকারদের কাছে।

পিঁপড়ার ডিমের প্রধান ক্রেতা শৌখিন মাছ শিকারিরা। বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে এসব ডিমের বিশেষ চাহিদা রয়েছে। মাছ ধরার মৌসুমে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। এ ছাড়া পোষা পাখির খাবার হিসেবেও এর ব্যবহার রয়েছে। স্থানীয় পাইকাররা সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে প্যাকেটজাত ও কার্টনে ভরে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরের দোকানে পাঠান।

স্থানীয় ক্রেতা ইলিয়াস উদ্দীন (৪২) বলেন, ‘আমরা স্থানীয় বাজার থেকে ডিম সংগ্রহ করার পর প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাই। বর্ষা ও শীত মৌসুমে লাল পিঁপড়ার ডিমের জোগান বেশি থাকে। তখন বিক্রিও ভালো হয়।’

তবে এই জীবিকার পথ মোটেও মসৃণ নয়। ডিম সংগ্রহ করতে গিয়ে পিঁপড়ার কামড়ের পাশাপাশি বনের মধ্যে হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের ভয়ও রয়েছে। কখনো উঁচু গাছে ওঠার ঝুঁকি, কখনো বনের দুর্গম পথে ঘুরে বেড়ানো—সব মিলিয়ে প্রতিটি দিনই তাদের জন্য একেকটি চ্যালেঞ্জ। তার ওপর আগের তুলনায় গাছপালা ও পিঁপড়ার বাসা কমে যাওয়ায় সংগ্রহকারীদের আয়ও অনিশ্চিত হয়ে পড়ছে।

এ বিষয়ে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বনাঞ্চল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিঁপড়ার ডিম নষ্ট হওয়ার কারণে পাহাড়ে অতিথি পাখির আগমনও কমতে শুরু করেছে। তিনি পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ইত্তেফাক/এএম