টেকনাফের পাহাড় এখন সশস্ত্র অপহরণকারীদের আস্তানা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮

কক্সবাজারের টেকনাফের একসময়কার শান্ত ও নিরাপদ পাহাড় এখন সশস্ত্র মানব পাচারকারী ও অপহরণকারীদের আস্তানায় পরিণত হয়েছে। এসব অপরাধী চক্রের দৌরাত্ম্যে পাহাড়সংলগ্ন এলাকার কৃষক, শ্রমিক ও সাধারণ বাসিন্দাদের জীবনযাত্রা অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় টেকনাফের পাহাড়সংলগ্ন এলাকায় স্থানীয় কৃষক, শ্রমিক ও কাঠুরিয়ারা বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কাজ করে পাওয়া আয়ে তারা পরিবারের দৈনন্দিন খরচ মেটাতেন। পাশাপাশি পাহাড়ের আশপাশে বসবাসকারী শত শত মানুষের জন্য এলাকাটি ছিল নিরাপদ আবাসস্থল। গাছগাছালিতে ভরপুর এসব পাহাড়ে একসময় ছিল স্বাভাবিক ও শান্ত পরিবেশ।

কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। পাহাড় সংলগ্ন এলাকায় নিরাপদে কাজ করতে পারছেন না কৃষক, শ্রমিক ও কাঠুরিয়ারা। ঐ এলাকায় বসবাস করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। কারণ, ধীরে ধীরে এসব পাহাড় সশস্ত্র সন্ত্রাসী, মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের আস্তানায় পরিণত হয়েছে। পাহাড়ে ঘুরতে গিয়ে কিংবা কৃষিকাজ করতে গিয়ে অসংখ্য মানুষ অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীদের হাতে জিম্মি হওয়ার পর নির্যাতনে প্রাণ হারিয়েছেন অনেকে।

স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে, পাহাড়ের এসব সশস্ত্র অপহরণকারী চক্রের হাতে কেউ আটক হলে মুক্তিপণ ছাড়া ফিরে আসা কঠিন। আবার মুক্তিপণ দিয়েও অনেকে নিরাপদে ফিরতে পারেননি; মুক্তিপণ আদায়ের পরও কাউকে কাউকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এভাবে দিনের পর দিন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন পাহাড়সংলগ্ন এলাকার বাসিন্দারা।

এরই মধ্যে গত ৫ নভেম্বর টেকনাফের রঙিখালী পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের হাতে জিম্মি ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। এ ঘটনার পর পাহাড়জুড়ে সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, পাহাড়সংলগ্ন এলাকার কৃষকরা নিজেদের কৃষিজমি, খেত, পানবরজ ও সুপারি বাগানে যেতেও ভয় পাচ্ছেন। কিছুদিন আগেও বাহারছড়ায় সুপারি বাগান পাহারা দিতে গিয়ে মো. রফিক নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বত্তরা।

এর আগে হীলার এক ইজিবাইকচালক অপহরণের পর টানা নয় দিন নিখোঁজ ছিলেন। পরে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কের পাহাড়ি এলাকা
থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কৃষক কলি উল্লাহ বলেন, কৃষিকাজ করে সংসারের খরচ জোগাড় করি। বহু বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। একসময় পাহাড়ি এই অঞ্চলে খুব নিরাপদে কাজ করেছি। তখন কোনো ধরনের ভয়ভীতি ছিল না। কিন্তু এখন কাজে যেতেও ভয় লাগে। যেভাবে অপহরণের ঘটনা ঘটছে এবং মানুষ অপহরণের শিকার হচ্ছেন, তাতে আমরা আতঙ্কিত। সশস্ত্র মানব পাচারকারী চক্র সুযোগ পেলেই মানুষকে জোরপূর্বক ধরে নিয়ে পাহাড়ে আটকে রাখছে। মোটা অঙ্কের মুক্তিপণ না পেলে তাদের ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করে দেওয়া হচ্ছে।

স্থানীয় শিক্ষক মাস্টার জাকারিয়া বলেন, সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তারা নিরাপদে বসবাসের নতুন আশাও দেখছেন। পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর যে অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত রেখে সঁড়াশি অভিযান পরিচালনা করা গেলে একদিন এই অশান্ত জনপদ আবারও শান্ত ও নিরাপদ হয়ে উঠবে বলে আশা করি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান। মানব পাচার, অপহরণ ও ডাকাতি বন্ধসহ মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবি যৌথ অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অনেক সদস্য আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এসপি এ এন এম সাজেদুর ইসলাম বলেন, যতদিন মানব পাচার চলবে ততদিন অভিযান চলবে। কোনো মানব পাচারকারী, অপরাধীকে ছাড় দেওয়া হবে না। বলে তিনি উল্লেখ করেন।

ইত্তেফাক/এএম