চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নওগাঁয় ইজিবাইকের চালককে হত্যার পর গাড়ি ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের হাসাইগাড়ি গুটার বিল এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় ভজনকে হত্যা করা হয়।

নিহত ইজিবাইকের চালক ভজন দেবনাথ সদর উপজেলার সুলতানপুর এলাকার লস্করপুর গ্রামের ভুপেন্দ্রনাথ দেবনাথের ছেলে। 

জানা যায় , ভজন দেবনাথ শহরের বালুডাঙ্গা থেকে সান্তাহার রোডে নিয়মিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। শনিবার বিকেলে সে বাড়ি থেকে গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু রাতে ফেরেনি। সকালে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ভজনের মৃতদেহটি শনাক্ত করেন।

আরও পড়ুন: অবতরণের সময় চাকা পাংচার, অক্ষত ৩৩ যাত্রীসহ ক্রু

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) ফায়সাল বিন আহসান জানান, গুটার বিল এলাকায় মাঠে কৃষি কাজ করতে যেয়ে কচুরিপানা দিয়ে মুখ ঢাকা একটি মৃতদেহ দেখতে পান কয়েকজন কৃষক। থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে তাকে কে বা কাহারা হত্যা করে গাড়িটি নিয়ে গেছে তা এখনও জানা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় নিহতের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এসি