ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পর এবার পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বুধবার রাতে বিশ্বভারতীর ছাত্র হোস্টেলে ঢুকে এবিভিপি হামলা চালায় বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিদ্যাভবন বয়েজ হোস্টেলের সামনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী স্বপ্ননীল মুখোপাধ্যায়কে মারধর করে এবিভিপি সমর্থকরা। এরপর আহত ছাত্র স্বপ্ননীলকে উদ্ধার করে বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালেও হামলা চালায় এবিভিপি সমর্থকরা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। তাদের দাবি, তৃণমূল সমর্থিত ছাত্র পরিষদ এই হামলায় জড়িত।
আরও পড়ুন: পাক প্রধানমন্ত্রী ইমরানকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত
নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গত কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। গত ৮ জানুয়ারি সিএএ নিয়ে সেমিনার করতে গিয়ে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ-ঘেরাওয়ের মুখে পড়েছিলেন বিজেপির সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত। তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। ছাত্রসংগঠন এসএফআই, ডিএসও’র দাবি, ওই ঘটনারই প্রতিশোধ হিসেবে এবিভিপি বুধবার রাতে হামলা চালিয়েছে ।
ইত্তেফাক/এসইউ