প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মঙ্গলবার আক্রান্ত হয়েছে ১২৫ জন, যা দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে, করোনায় নতুন করে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের সকলেই হুবেই প্রদেশের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৪৩ জনে।
ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে চীনে এর প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। যদিও মঙ্গলবারের রিপোর্টে বলা হয়েছে, হুবেইয়ের বাইরে নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছে, যা গত পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ।
এ পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে মোট ভাইরাস আক্রান্ত ৮০ হাজারের বেশী।
এদিকে ইতিমধ্যে ভাইরাসটি বিশ্বের ৬০টির বেশী দেশে ছড়িয়ে পড়েছে। ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।
গত ডিসেম্বরে প্রথমে চীনের হুবেই প্রদেশের উহানে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনা। ভাইরাসটিতে বিশ্বব্যাপী ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
ইত্তেফাক/এসআর