বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩শ' ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে জন হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে শুধুমাত্র চীনেই ৩ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে মারা গেছে ২শ' ৬৭ জন। এদের মধ্যে ইরান ও ইতালিতে মৃতের সংখ্যা বেশি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রী শুক্রবার জানান, ২৪ ঘণ্টায় তাদের দেশে এই ভাইরাসে অন্তত ১২শ' জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।
এছাড়া ফ্রান্সে এই ভাইরাসে ২৪ ঘণ্টায় ২ শ' জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে। এদিকে ভারত ও দক্ষিণ কোরিয়াতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে দেশটির অন্তত ২০ টি রাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিটি দেশ যেন করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেয়।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ইতিমধ্যে ৮০ টির বেশি দেশে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন দেশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় । বিবিসি, আল জাজিরা।
ইত্তেফাক/এসআর