করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উহান পৌঁছেন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি চীনের প্রেসিডেন্টের প্রথম উহান সফর।
গত জানুয়ারিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অবরুদ্ধ হয়ে পড়েছে উহান শহর। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি এবং এর নিয়ন্ত্রণ কাজ পরিদর্শন করবেন।
এছাড়া এই সফরে উহানের স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ, করোনা আক্রান্ত রোগী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন শি জিনপিং।
ধারণা করা হয়, গত বছরের ডিসেম্বরে উহানের এক বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে কমপক্ষে চার হাজার জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যাও এক লাখ ছাড়িয়েছে।
ইত্তেফাক/এআর