করোনা পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে আত্মগোপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা। ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোয় পুলিশ তাদের আটক করতে একাধিকবার অভিযান চালিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত দুই নেতা হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. মাহবুব হোসেন।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সম্প্রতি তার নিজস্ব ফেসবুক টাইম লাইনে সরকারের সমালোচনা করে করোনা, আওয়ামী লীগ ও সাম্প্রদায়িক একাধিক বিতর্কিত স্ট্যাটাস পোস্ট করেন।
ছাত্রলীগ সভাপতি এস এম মাহবুব হোসেন করোনা পরিস্থিতিতে মাঠে নিয়োজিত একটি বিশেষ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বিতর্কিত স্ট্যাটাস দেন। এতে স্থানীয় দলীয় নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়ে ওঠেন।
বিষয়টি নজরে আসার পর জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি তাদের দল থেকে বহিষ্কারের জন্যে দলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন। পরে পুলিশ তাদের আটক করতে অভিযান চালায়।
আরও পড়ুন: প্রেমিকার বাড়ির উঠানে ১২ ফুট গভীরে পুঁতে রাখা হয়েছিল যুবককে
বিজয়নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়াসহ একাধিক দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া জানান, তাদের সতর্ক করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেছেন, করোনা পরিস্থিতির পর তাদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।
ইত্তেফাক/এসি