কিমকে পরামর্শ দিতে উত্তর কোরিয়ায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে পরামর্শ দেয়ার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে চীন।  এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 

তবে চীন এই বিশেষজ্ঞ চিকিৎসক দল এমন সময় পাঠালো যখন বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে কিমের চিকিৎসার জন্য চীনের এই বিশেষজ্ঞ দল উত্তর কোরিয়ায় গিয়েছে কি না সেটি এখনো স্পষ্ট করে বলতে পারেনি রয়টার্স।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক লিয়াজু বিভাগের এক কর্মকর্তার নেতৃতে গত বৃহস্পতিবার একটি বিশেষজ্ঞ দল উত্তর কোরিয়ায় যায়। তবে এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওই লিয়াজু বিভাগে জানতে চাইলে তারা কোন কিছু জানাতে রাজি হয়নি।

 সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর আশঙ্কাজনক অবস্থায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন'র এই প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন।  এদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানায়,  হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন কিম জং উন।  

 শুক্রবার দক্ষিণ কোরিয়ান একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানায়, কিম জীবিত আছেন এবং খুব শিগগিরই জনসম্মুখে আসবেন।  এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দার সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা রয়টার্সকে জানায়, কিম অসুস্থ হতে পারে তবে গুরুতর কি না সেটি নিয়ে তারা নিশ্চিত নয়।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গত ১১ এপ্রিল কিম জং উনকে সর্বশেষ দেখা গিয়েছিল । এরপর থেকে আর কিম জং উনকে জনসম্মুখে অথবা কোন গণমাধ্যম দেখা যায়নি। এমনকি কিম গত ১৫ এপ্রিল তার দাদার জন্মদিন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দেননি। এর আগেও ২০১৪ সালে কিম জং উন দীর্ঘদিনের জন্য উধাও হয়ে গিয়েছিলেন। তখন প্রায় এক মাসের বেশি সময় পর রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের দেখা মেলে। 

ইত্তেফাক/এআর