চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এবং ইউএনও নিজেই ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, হাজীগঞ্জ উপজেলার শীর্ষ এক কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে। ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচএম শোয়েব আহম্মেদ চিশতী শীর্ষ কর্মকর্তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় পর্যায়ে জানা যায়, করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে জনসচেতনতায় ব্যপক কাজ করতে দেখা যায় হাজীগঞ্জের ইউএনও-কে। চাঁদপুর জেলা লকডাউন ঘোষণার পর হাজীগঞ্জ উপজেলার জনসচেতনতায় ও লকডাউন কার্যকর করতে দিন-রাত মাঠে কাজ করেছেন তিনি।
আরো পড়ুন: কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ
উল্লেখ্য, চাঁদপুর সদর ও উপজেলাসহ করোনায় আক্রান্ত ছিলেন ১৪ জন। নতুন করে রিপোর্ট এসেছে ৩৯ জনের। এরমধ্যে উপজেলার শীর্ষ কর্মকর্তা এবং এক ব্যাংক কর্মকর্তার রিপোর্ট পজিটিভ এসেছে।
ইত্তেফাক/এএএম