কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৫:৫৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছে উপজেলা কৃষক লীগ। আজ বুধবার (২৯ এপ্রিল) উপজেলা কৃষক লীগের একটি টিম পিরেরবাড়ি বিলে গিয়ে বিনা পারিশ্রমিকে সুভাষ মল্লিক নামে এক দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দেন। 

এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সৈয়দ আশরাফ আলী, জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রতন মিত্র, যুগ্ম আহ্বায়ক অরুন মল্লিক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

কৃষক সুভাষ মল্লিক বলেন, ‘কয়েকদিন আগেই আমার ক্ষেতের পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। করোনা ভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছিলাম না। বিষয়টি জানার পর উপজেলা কৃষক লীগের নেতারা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছেন।’

আরো পড়ুন: মধুখালীতে ৩‘শ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ

উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রতন মিত্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষক লীগের পক্ষ থেকে এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। এ জন্য আমরা উপজেলার ১১ টি ইউনিয়নে ১১টি কমিটি গঠন করেছি। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারবেনা তাদের ধান বিনা পারিশ্রমিকে এই কমিটির লোকজন কেটে দিবে।’

ইত্তেফাক/এএএম