পীরগঞ্জে পুলিশ সদস্য নাগেশ্বরীতে যুবক করোনায় আক্রান্ত

ঢাকা রাজাবাগ পুলিশ লাইন থেকে পীরগঞ্জে আসা এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে উপজেলায় করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে উপজেলায় চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। 

পীরগঞ্জের ইউএনও রেজাউল করিম জানান, ওই পুলিশ সদস্য ২০ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া গ্রামের বাড়ি আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। ৩০ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রির্পোটে কোভিড-১৯ পজিটিভ আসে। পরে ১ মে হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে উপজেলার কোষাবন্দরপাড়া গ্রামের এক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে উপসর্গ বেশি হলে বোচাগঞ্জ হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করে। এসময় ওই বয়স্ক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কি না নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: অপহরণের পর লাশ ফেরত দিলো অস্ত্রধারী রোহিঙ্গারা

অপরদিকে নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, নাগেশ্বরীতে নারায়ণগঞ্জ ফেরত ২৫ বছরের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলায় তিনিই প্রথম কোভিট-১৯ আক্রান্ত ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

এলাকাবাসী জানায়, আক্রান্ত ব্যক্তি ঢাকার নারায়ণগঞ্জ মসলিম নগরে একটি গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করতেন। গত ২০ এপ্রিল সে লুকিয়ে একটি ট্রাকে মাছ আনা নেওয়ার ড্রামে বসে বাড়ি ফেরেন। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম ২৫ এপ্রিল তার নমূণা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার বিকেলে তার ফলাফল পজেটিভ আসে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ এলাকায় গিয়ে ওই বাড়িসহ পার্শ্ববর্তী ৫টি বাড়ি লকডাউন করে দেয়।

ইত্তেফাক/এসি