রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

সুষম ও পুষ্টিকর খাবারের ঘাটতি পূরণের লক্ষ্যে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় সরকারি ত্রাণের চালের সাথে সবজি বিতরণের পর এবার ডিম বিতরণ কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার (১২মে) চারঘাট-বাঘা উপজেলায় ৫ হাজার পরিবারের মাঝে ১০টি করে ডিম বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আগামী এক সপ্তাহের মধ্যে এই সুবিধা পাবে ১৬ হাজার পরিবার। 

মরণব্যাধি করোনা সংকটকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারিভাবে দরিদ্র এবং কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গত একমাস ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ত্রাণের চালের পাশাপাশি উদ্ভূত সংকট উত্তরণে তার নির্বাচনী এলাকার দুই উপজেলায় প্রায় ১২ হাজার অসচ্ছল পরিবারের মাঝে চালের সাথে মৌসুমি সবজি বিতরণ করেছেন। 

সর্বশেষ গত ৫ মে থেকে সরকারি ত্রাণের চালের সাথে ব্যক্তিগতভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বিভিন্ন মৌসুমি সবজি এবং পরিবার প্রতি ১০টি করে ডিম দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। 

আরো পড়ুন: গভীর রাতে বাস থেকে ছেলের মরদেহসহ মাকে নামিয়ে দেওয়া হলো রাস্তায় 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস সিরাজুল ইসলাম জানান, চলমান করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার অসচ্ছল ও দরিদ্র মানুষদের সরকারিভাবে ত্রাণ সহায়তার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন মৌসুমী সবজি যেমন-আলু, পটল, মিষ্টি কুমড়া, লাউ, করলা, পুইশাক, ডাটা শাক ইত্যাদি সরাসরি কৃষকের ক্ষেত থেকে ন্যায্যমূল্যে কিনে বিতরণের উদ্যোগ নেন। পরে রমজান মাস ও দরিদ্রদের পুষ্টির কথা ভেবে ১৬ হাজার পরিবারের মাঝে ১০টি করে ডিম দেওয়ার উদ্যোগ নেন। 

এতেকরে দেশের বর্তমান পরিস্থিতিতে কৃষকরা যেমন তাদের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন, তেমনি অসচ্ছল কর্মহীন ও দরিদ্রদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। করোনা সংকট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন। 

বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক বলেন, ‘মঙ্গলবার সপ্তম বারের মতো বাঘা পৌরসভা থেকে করোনা মোকাবেলায় ৬৫০ জন কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা ১০ কেজি করে চাল বিতরণের পাশাপাশি স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পক্ষ থেকে ১০টি করে ডিম পেয়ে অত্যন্ত খুশি হয়েছে উপকার ভোগীরা।’

ইত্তেফাক/এএএম