নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের বোরহান উদ্দিন (৬০), চাঁদপুর জেলার মতলবের রফিকুল ইসলাম (৬২) ও গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া (৫৮)।
সিদ্ধিরগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যান ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি মাইক্রোবাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় ও পাঁচজন যাত্রী আহত হয়। তারা সকলেই ক্ষুদ্রব্যবসায়ী। তারা যাত্রাবাড়ীর আড়তে কাঁচামাল ও মাছ কিনতে যাচ্ছিলেন।
আরও পড়ুন: মনিরামপুরে আম্ফানের তাণ্ডবে ৬ জনের মৃত্যু, থমকে গেছে জনজীবন
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি।
ইত্তেফাক/এসি