বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম

বরগুনার বেতাগীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৫ মে) ঈদের নামাজ শেষে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কাজিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে বরগুনা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৫ মে) সকালে ঈদের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আহত রিয়াজ ফেরদৌস ও সোহেল। ওত পেতে থাকা পারভেজ রিয়াজ ইমরানসহ সঙ্ঘবদ্ধ একটি দল হঠাৎ পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আহত ৩ জন রাস্তায় পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের বরগুনা সরকারি হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে দু'জনকে বরিশাল রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা আরো জানান, বিগত কয়েক বছর ধরে এ জমি নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ পারভেজ, রিয়াজ ও ইমরানসহ দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে হামলা করে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে


ইত্তেফাক/এমএএম