সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় জোতপাড়া থেকে আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো শাহজাদপুর উপজেলার জয়পুরা গ্রামের নিহত আমজাদ হোসেন (৪০) এবং আজিজল হক (৩৮)। তাদের লাশ স্থলচর ও জোতপাড়া থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে ৫ জনের লাশ উদ্ধার হলো। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছে। ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ, চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৬ মে) দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালীতে যাবার পথে স্থলচর এলাকায় পৌছলে প্রচন্ড বাতাসের কবলে পড়ে। তখন ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়। স্থানীয়রা ৫৪ জনকে জীবিত ও ৩ জনের লাশ উদ্ধার করে । এর মধ্যে ৩ জনের লাশ স্থল চর, এক জনের জোতপাড়া ও আরেক জনের লাশ কুকুরিয়া এলাকা থেকে উদ্ধার করে। বুধবার ভোরে জোতপাড়া ও স্থল চরে এ ২ জনের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে বাকি নিখোঁজ যাত্রীর সলিল সমাধি হয়েছে।
আরও পড়ুনঃ জয়পুরহাটে কাল বৈশাখীর তাণ্ডব, নিহত ৪
এদিকে জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবী মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিল। নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় এই নৌকা ডুবির জন্যও অনেকটা দায়ী।
এছাড়া সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, ঈদের পরে এমন ঘটনায় পুরো জেলা বাসী আমরা শোকাহত। নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। আহতদের সহায়তা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/ এমএএম