হাতিয়ায় ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার    

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের জবেদ আলী বাজারের পাশের এক পরিত্যক্ত ডোবা থেকে বুধবার (২৭ মে) সকালে রহমত উল্যাহ ফরিদ (৩৫) নামে এক ভূষা মাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ব্যবসায়ী স্থানীয় আবুল হোসেন হুমায়ুন মিয়ার পুত্র। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। নিহত রহমত উল্যাহর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

নিহতের পিতা আবুল হোসেন জানান, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১০ টার সময় স্থানীয় হিল্টন রোড বাজারের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয় এবং তার সাথে থাকা মোবাইলটিও বন্ধ পাওয়া যায়। রাতে বাড়ি না ফেরায় চারদিকে খোঁজাখুঁজি করা হয় কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি । বুধবার সকালে মাইন উদ্দিন মাঝির বাড়ির দক্ষিণে একটি পরিত্যক্ত ডোবায় মৃতদেহ পড়ে থাকার খবর শুনে আমরা গিয়ে ছেলের লাশ শনাক্ত করি। 

এ ব্যপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন করা যায়নি। তদন্ত চলছে।  
    
   
ইত্তেফাক/ এমএএম