পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে পানিতে ডুবে আছে বাদাম ক্ষেত। এতে গঙ্গাচড়ায় বাদাম চাষীদের মাথায় হাত পড়েছে।
কৃষকরা জানান, সম্প্রতি কয়েক দফা বৃষ্টিতে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের বুড়িডাঙ্গী, গজগন্টা ইউনিয়নের রাজবল্লভ ও ছালাপাক এলাকার কমপক্ষে ৫০ একর জমির বাদাম ক্ষেত পানিতে তলিয়ে গেছে। গত ৫/৭ দিন ধরে পানিতে তলিয়ে আছে ক্ষেত। পানি নিষ্কাশন না হওয়ায় বাদাম পচে যাচ্ছে। তাছাড়া বাদাম এখনো পরিপক্ব হয়নি। বাদাম তোলার সময়ও হয়নি।
কৃষকরা আরো জানান, তামাক কিংবা আলু তোলার পর এসব জমিতে বাদাম চাষ করেছে তারা।
সরেজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, রাজবল্লভ এলাকার কৃষক নজু মিয়া ২ একর, রফিকুল ২ একর, মশিয়র ১ একর,জিল্লুর ২২ শতক, আবুল হোসেন ৫০ শতকসহ অনেকে বাদাম চাষ করেছেন। কৃষকরা জানান, বাদাম তোলার সময় হয়নি। ৫/৭ দিন থেকে বাদাম ক্ষেতে পানি আটকে আছে। অনেকে জানান, 'এবারে বাদাম চাষ করি লস হইবে। পানিতে বাদাম পঁচি গেছে। খরচেই এবার উঠপার নায়।'
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ২১৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বিভিন্ন এলাকা ঘুরে এসে বলেন, তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ৫ হেক্টর জমির বাদাম ক্ষেত তলিয়ে গেছে।
ইত্তেফাক/আরএ