বাড়ি ভাড়া মওকুফের দাবি, অন্যথায় অবস্থান ধর্মঘট  

করোনার মহামারির কারণে এক দুর্বিষহ জীবন-যাপন করছেন ভাড়াটিয়ারা। এ অবস্থায় ৬ মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবি জানানো হয়েছে। অন্যথায় অবস্থান ধর্মঘট পালন করা হবে।

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্যরা এক কথা জানান।

পরিষদের সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট জেলার সমন্বয়ক তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মামুন রশীদ, সহকারী অধ্যাপক আবুল হাসান চৌধুরী, ডা. আখতার হোসেন, সংগঠনের সিলেট মহানগরীর আহ্বায়ক শাহজাহান চৌধুরী। 

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের ভাড়াটিয়ারা এক দুর্বিষহ জীবন যাপন করছে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ট্যাক্স আদায় বন্ধ রয়েছে। অথচ বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রানি করছেন এবং বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশকে অমান্য করার সামিল। 

তারা বলেন, এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী এবং ঢাকা উত্তর করপোরেশনের সর্বশেষ নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম মেয়র নাসির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এমনকি দেশের খ্যাতিমান বিভিন্ন ব্যক্তি বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া না নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।

বক্তারা আরও বলেন, ৬ মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ না করলে ৬ জুন শনিবার সকাল সাড়ে ১১টা হতে বেলা দেড়টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে এবং  প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।

ইত্তেফাক/জেডএইচ