কুমিল্লায় রবিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০০ জন। এ সময়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় একজন ও জেলার লালমাই উপজেলায় একজনসহ দুইজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৯৭৫ জনে এবং মৃত্যু হয়েছে মোট ২৮ জনের। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কুমিল্লা নগরীতে করোনা আক্রান্ত হয়ে আখতার জাহান জোৎস্না নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে নগরীর মনোহরপুর এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান। দুপুরে নগরীর টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি নগরীর মনোহরপুর এলাকার দবির আহমেদের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আখতার জাহান জোৎস্না করোনা উপসর্গ থাকায় গত ২৪ মে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। গত ২৭ মে পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। শনিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর ফরটিস হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রবিবার সকালে তিনি সেখানে মারা যান। এদিকে জেলার লালমাই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোসলেম উদ্দিন নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামে। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান এবং রাতেই স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাকে দাফন করা হয়। তিনি স্থানীয় বিজরা বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ৩ পুলিশসহ আরও ১২ জনের করোনা শনাক্ত
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ইয়াসির আরাফাত জানান, গত বৃহস্পতিবার (২৮ মে) মোসলেম উদ্দিনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি আইসোলেশনে ছিলেন।
রবিবার বিকাল সোয়া ৪টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আছেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৬ জন, জেলার আদর্শ সদর উপজেলায় ২ জন, লাকসামে ১৭ জন, চৌদ্দগ্রামে ৬ জন, দেবিদ্বারে ২১ জন, বুড়িচংয়ে ১ জন, মেঘনায় ১ জন, নাঙ্গলকোটে ৯ জন, মনোহরঞ্জে ৪ জন, বরুড়ায় ৪ জন ও হোমনায় ৩ জন।
জেলায় এ পর্যন্ত উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ জন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১২৩ জন, জেলার আদর্শ সদরে ৫৬ জন, সদর দক্ষিণে ২৫ জন, লালমাইয়ে ৬ জন, দেবিদ্বারে ১৬২ জন, মুরাদনগরে ১৪১ জন, লাকসামে ৬৯ জন, মনোহরগঞ্জে ২১ জন, চান্দিনায় ১০২ জন, বরুড়ায় ১৮ জন, বুড়িচংয়ে ৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ১৭ জন, নাঙ্গলকোটে ৬০ জন, চৌদ্দগ্রামে ২৮ জন, তিতাসে ২৪ জন, দাউদকান্দি ২৫ জন, হোমনায় ১৫ জন, মেঘনায় ১৫ জনসহ মোট আক্রান্ত ৯৭৫ জন।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ৯ হাজার ২০৩ জনের নমুনা পাঠানোর পর রিপোর্ট এসেছে ৮ হাজার ২৯৫ জনের। এর মধ্যে জেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে মোট ৯৭৫ জনের এবং মারা গেছেন মোট ২৮ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন মোট ১৩৮ জন।
ইত্তেফাক/এসি