সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

সিলেট সেনানিবাস্থ নবনির্মিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের  প্রধান পৃষ্ঠপোষক, মেজর জেনারেল এস এম শামিম উজ জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শিক্ষাকার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেগম রেহানা ইয়াসমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, শিগগির সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আপন পরিচয়ে প্রতিষ্ঠিত হবে এবং চারিদিকে শিক্ষার আলো ছড়িয়ে দিবে। প্রধান অতিথি প্রতিষ্ঠানটি নির্মাণে ও শিক্ষা কার্যক্রম আরম্ভ করার জন্য সার্বিক সহযোগিতা এবং অনুমোদন প্রদানের জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মেজর আসাদ। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা; চেয়ারম্যান, মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ, পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ট্রাম্প কথা না রাখলে নিরস্ত্রীকরণ হবে না, হুঁশিয়ারি কিমের

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে নবনির্মিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ হয়ে আজ মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে।  

ইত্তেফাক/এমআই