করোনায় রাজশাহী বিভাগে ৩১ জনের প্রাণহানি

করোনা ভাইরাসে রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য রবিবার সকালে এক প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করেন। প্রতিবেদন অনুযায়ী, করোনায় রাজশাহী বিভাগে সর্বোচ্চ ১৫ জনের প্রাণ গেছে বগুড়ায়। এছাড়া পাবনায় পাঁচজন, নাটোরে একজন এবং সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে তিনজন করে প্রাণ হারিয়েছেন।

এদিকে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁর এক ব্যক্তির মৃত্যুর পর শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সেই হিসাব বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে উল্লেখ নেই। নওগাঁর ওই ব্যক্তিকে ধরলে বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা ৩১ জন।

স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত দুই হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় আক্রান্তের সংখ্যা এক হাজার ১৯১ জন। এছাড়া রাজশাহীতে ১২৭ জন, জয়পুরহাটে ২৩০ জন, নওগাঁয় ১৯৮ জন, সিরাজগঞ্জে ১৭৫ জন, পাবনায় ১৯০ জন, নাটোরে ৮১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন: বেরোবির শিক্ষিকার রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৪৮১ জন। সবচেয়ে বেশি করোনা জয় করেছেন নওগাঁর ১২০ জন। এছাড়া জয়পুরহাটে ১১৭ জন, বগুড়ায় ৯০ জন, নাটোরে ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৭ জন, রাজশাহীতে ৩৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১১ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগের আট জেলায় এখন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৯ জন। 

রাজশাহীতে ১০ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

রাজশাহী জেলায় ১০ দিনেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ৩ জুন আক্রান্তের সংখ্যা ছিল ৬১ জন। ১৩ জুন বিকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১২৪ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহী জেলার ১২৪ জনের মধ্যে ৪৫ জনই মহানগরীর বাসিন্দা। এর বাইরে জেলার বাঘা উপজেলায় ৯, চারঘাটে ১২, পুঠিয়ায় ১১, দুর্গাপুরে ৪, বাগমারায় ১০, মোহনপুরে ৯, তানোরে ১৫, গোদাগাড়ীতে ১ ও পবায় ৮ জন শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এসি