বরিশালের স্বাস্থ্যখাত উন্নয়নের দাবিতে বৃহস্পতিবার নগরীর সদর রোড অবরোধ করে বিক্ষোভ পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ‘বিনা পরীক্ষায়, বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় কোন মৃত্যু আমরা চাইনা’ শ্লোগানে ৮ দফা দাবিতে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূিচ পালিত হয়। এসময় পুলিশ বাসদ নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেও বাঁধা উপেক্ষা করে নির্ধারিত কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে ঘন্ট্যাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চালাচল।
অবরোধ কর্মসূচিতে নেতৃবৃন্দ জানান, বরিশালবাসীর দাবিগুলো দ্রুত পূরণ করা না হলে আগামীতে হরতাল পালনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সড়ক অবরোধ চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী তার বক্তব্যে বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে করোনা চিকিৎসায় বরিশাল রয়েছে সর্বনিম্ন স্থানে। ঢাকায় করোনা পরীক্ষার জন্য ল্যাব রয়েছে ৩৮টি, চট্টগ্রামে নয়টি, সদ্যজাত বিভাগ রংপুর ও ময়মনসিংহে দুইটি। অথচ বরিশাল বিভাগের ছয় জেলার কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল বরিশাল শেবাচিম হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব রয়েছে মাত্র একটি। সেখানেও রয়েছে নানা সমস্যা। এছাড়া তিনি করোনাকালের সম্মুখযোদ্ধা চিকিৎসক, পুলিশ ও সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিক প্রনোদনা দেওয়ার জন্য জোর দাবি করেন।
আরও পড়ুন: কুমিল্লায় মাদক পাচারকালে সিআইডি পুলিশসহ গ্রেফতার ৫, মাদক উদ্ধার
জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জাসদের মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদুল হক মুন্না, কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদের শ্রমিক ফ্রন্টের নেতা শহিদুল ইসলাম, জোহরা রেখা, শ্রমিক নেতা নুরুল হক প্রমুখ।
ইত্তেফাক/এসি