কুমিল্লায় মাদক পাচারকালে সিআইডি পুলিশসহ গ্রেফতার ৫, মাদক উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:০৯

কুমিল্লায় মাদক পাচারের ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে র‌্যাব-১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও পাঁচজনকে আটক করে। মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসময় একটি প্রাইভেটকার গাড়িসহ ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেন্সিডিল ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিআইডির পরিদর্শক শহীদুর রহমান (৩৫), টঙ্গী টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর রাকিবুল হাসান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাসুর গ্রামের হেলাল ভূঁইয়ার ছেলে আরিফুল ইসলাম (২৭), ঢাকার উত্তরা ১৪নং সেক্টরের দ্বীন ইসলামের ছেলে জামাল হোসেন (৩২), রাজশাহীর বাঘা থানার বাদুভাঙ্গা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শাহ আলম (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বনামালী গ্রামের জোর্ডান উদ্দিন আকন্দের ছেলে রাকিবুল হাসান (৪১)।

আরও পড়ুন: এক যুগেও হয়নি নতুন ব্রিজ, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পারাপার

র‌্যাব-১ সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, র‌্যাবের একটি দল বুধবার গভীর রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ল ৪৩-৭৩-১৩) আটক করে তল্লাশি চালায়। এসময় মাদক ও মোবাইল ফোন উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্য মুজিবুর রহমান বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/এসি