নড়াইলের কালিয়ায় কালিয়া-গোপালগঞ্জ সড়কের চিত্রা নদীর উপর নির্মিত কলাবাড়িয়া সেতুটির মাঝখানে ভেঙ্গে পড়েছে। যে কারণে ওই সেতুর উপর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেতুটি ভেঙ্গে পড়ায় গত এক সপ্তাহ ধরে কালিয়ার সঙ্গে গোপালগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে ব্যবসায়ীসহ সকল মহল মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। প্রশাসনিক কার্যক্রম পরিচালনায়ও বিপাকে পড়তে হয়েছে স্থানীয় প্রশাসনকে বলেও জানা গেছে।
উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, বিগত ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে কালিয়া তথা নড়াইলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য কালিয়া-গোপালগঞ্জ সড়কের কলাবাড়িয়া নামকস্থানে চিত্রা নদীর উপর সেতুটি নির্মাণ করে স্থানীয় প্রকৌশল বিভাগ। সেতুটি নির্মাণের পর থেকে যেমন সংস্কারে উদ্যোগ নেয়া হয়নি তেমন ভারীযান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করা হয়নি। বয়সের ভারে জীর্ন হয়ে পড়া সেতুটির উপর দিয়ে বালু বোঝাই একটি ট্রাক যওয়ার সময় সেতুটিতে বড় ধরনের ফাঁটল দেয়া দেয়। কিন্তু স্থানীয় প্রশাসন সেটিকে আমলে না নেয়ায় এবং ওইসব ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় জাতীয় শোক দিবসের দিনে সেতুটির ফাঁটল ধরা স্থানের একটি বড় অংশ নদীতে ভেঙ্গে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সেতুটি পুরোপুরি বন্ধ করে দেয়ায় গোপালগঞ্জের সাথে কালিয়া ও নড়াইলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষ মারাত্মক সমস্যা ও দুর্ভোগের শিকার হচ্ছেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মো. আবু বকর ছিদ্দিক বলেছেন, তিনি ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেছেন, সেতুটি ভেঙ্গে পড়ার খবর পেয়ে বড়ধরনের দুর্ঘটনা এড়াতে ওই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
নড়াইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার বলেছেন, ওই সেতুর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নদীর ওই স্থানটিতে নতুন সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি