ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ধুলঝাড়ি গ্রামের কিশোরী মমতা পালকে অপহরণের মামলায় ইমরান হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে অপহরণকারী ইমরান হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) এসআই খাজিমউদ্দিনের নেতৃত্বে অপহরণ হওয়া হিন্দু কিশোরীসহ আসামি ইমরানকে কুমারখালী থেকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়।
ইমরান কুষ্টিয়া জেলার কুমারখালীর পান্টি গ্রামের আবু তালেবের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, অপহরণ হওয়া কিশোরী উপজেলার ধুলঝাড়ী গ্রামের বিজয় পালের মেয়ে মমতা পাল (১৪)। মমতা পাল ও ইমরান ঢাকা-নারায়নগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করে। সে সুবাদে মমতা ও ইমরান পরস্পর পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২২ আগস্ট মমতা নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি রাণীশংকৈলে বেড়াতে আসে। ২৮ আগস্ট বিকেলে ইমরান ঐ কিশোরীর সাথে যোগাযোগ করে পার্শ্ববর্তী নেকমরদ বাজারে ডেকে নেয়। সেখান থেকে ইমরান মমতাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে মাইক্রোবাসযোগে পালিয়ে যায়।
আরও পড়ুন: পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা
এদিকে মমতার বাবা অনেক খোঁজাখুঁজির করেও তাকে না পেয়ে গত ৪ সেপ্টেম্বর রাণীশংকৈল থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ ওই দিনই মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান খুঁজে পায় এবং কুমারখালী থেকে তাদেরকে গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। এদিন দুপুরে আসামি ইমরানকে জেলা জেলহাজতে পাঠানো হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম