ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলা 

ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে আনা হয়েছে। আপাতত ওসির দায়িত্ব বুঝে দেয়া হয়েছে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলামকে।  

এদিকে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার বড়ভাই শেখ ফরিদ উদ্দিনের দায়েরকৃত মামলাটি ইতিমধ্যেই ঘোড়াঘাট থানা থেকে স্থানান্তর করে দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফরকে।  

আরো পড়ুন ;  নাটোরে ঢাবি ছাত্রী সুমাইয়ার ময়না তদন্ত প্রতিবেদন প্রকাশ

এদিকে এই মামলায় রিমান্ডে থাকা তিন আসামির মধ্যে দুইজনকে (রংমিস্ত্রী নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাস) ৭ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে। বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর দুপুরে জানান, আজ বিকেলে আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাসকে আদালতে হাজির করা হবে। গ্রেফতারকৃত অপর আসামি আসাদুল ইসলামের ৭ দিনের রিমান্ড শেষ হবে শনিবার। 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ইউএনও ওয়াহিদা খানম ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে এবং তার পিতা ওমর আলী শেখ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ইত্তেফাক/ইউবি