চৈত্র সংক্রান্তির পাঁচন

চৈত্র-সংক্রান্তিতে নিরামিষ না হলে চলবে না। বছরের শেষ দিনের উদযাপনে বাঙ্গালীরা আয়োজন করে থাকেন নানা ধরনের নিরামিষ পদের। যাদের বলা হয়ে থাকে পাঁচন। আসুন জেনে নেই কীভাবে আজকের দিনে তৈরি করবেন চৈত্র সংক্রান্তির বিশেষ এ খাবার।

১. সুক্তো

উপকরণ:

বেগুন ছোট ছোট করে কাটা- আধা কাপ
করলা ছোট ছোট করে কাটা- আধা পাক
আলু ছোট ছোট করে কাটা- আধা কাপ
সজনে পাতা- আধা কাপ
মিষ্টি কুমড়া ছোট ছোট করে কাটা- আধা কাপ
লাউ ছোট ছোট করে কাটা- আধা কাপ
কুমড়া বড়ি- ৬ থেকে ৭টি
পেঁপে ছোট ছোট করে কাটা- আধা কাপ
কাঁচা কলা ছোট ছোট করে কাটা- আধা কাপ
লবণ- পরিমাণ মতো
পাঁচফোড়ন- আধা চা চামচ
আদাবাটা- আধা চা চামচ
তেজপাতা- ১টি
তেল- আধা কাপ
হলুদ গুঁড়া- সামান্য

প্রস্তুত প্রণালি:

প্যানে তেল দিয়ে কুমড়া বড়ি লাল করে ভেজে নিতে হবে। এরপর সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। একটা প্যানে তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা ও আদাবাটা দিয়ে সামান্য ভেজে সব সবজি ঢেলে দিয়ে তাতে কুমড়া বড়িগুলোকে দিয়ে দিতে হবে। সবজি যেন সেদ্ধ হয় সে পরিমাণ পানি দিতে হবে। ঢেকে দিতে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পবিবেশন করুন।


২. লাউ মসুরের ঘণ্ট

উপকরণ:

লাউ টুকরা করা- ৩ কাপ
মসুর ডাল- ১ কাপ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ- ৬ থেকে ৭টি
পাঁচফোড়ন- আধা চা চামচ
লবণ- পরিমাণ মতো
তেল- ২ টেবিল চামচ
ঘি- ১ চা চামচ
শুকনা মরিচ- ২ থেকে ৩টি
রসুন কুচি-১ চামচ

প্রস্তুত প্রণালি:

লাউ সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। প্রথমে ডাল অল্প লবণ দিয়ে সেদ্ধ করে রাখতে হবে। এবার একটা প্যানে তেল দিয়ে রসুন, পাঁচফোড়ন, শুকনা মরিচ দিয়ে লাল করে ভেজে সামান্য পানি দিয়ে লাউ দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ডাল ও কাঁচামরিচ দিয়ে মৃদু আঁচে ৫ মিনিট রাখতে হবে। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

৩. কাঁচা কলার বিরান

উপকরণ:

কাঁচা কলা- ৪টি
হলুদ গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- ৫ থেকে ৬টি
তেল- আধা কাপ
ঘি- ১ চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
আদা-রসুন বাটা- আধা চা চামচ
লবণ- পরিমাণ মতো
চিনি- সামান্য

প্রস্তুত প্রণালি:

কাঁচা কলা ছিলে হলুদ গুঁড়া মাখিয়ে রেখে দিন। কিছুক্ষণ পরে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর মিহি করে বেটে নিন। একটা প্যানে তেল ও ঘি দিয়ে সব মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়ে তাতে বাটা কলা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। কাঁচা মরিচগুলোকে ফালি করে কেটে তাতে দিয়ে দিন। হালকা আঁচে কিছুক্ষণ রেখে দিন। তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

৪. আলু করলা ভর্তা

উপকরণ:

আলু সেদ্ধ- ২টি
ছোট সাইজের করলা- ৪ থেকে ৫টি
শুকনা মরিচ ভাজা- ৪টি
লবণ- স্বাদমত
সরিষার তেল- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালি:

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিয়ে রাখতে হবে। এরপর করলা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার শুকনা মরিচ, লবণ দিয়ে করলা এবং আলু এক সাথে মেশাতে হবে। খুব ভালো করে মেখে পরিবেশন করতে হবে।

৫. কচুর কুড়কুড়ি

উপকরণ:

কচুর সাদা অংশ- ১টি
চালের গুঁড়া- ১ কাপ
তেল- ভাজার জন্য
হলুদ গুঁড়া- আধা চা চামচ
মরিচ গুঁড়া- চা চামচের এক-চতুর্থাংশ
লবণ- স্বাদমত
লেবুর রস- সামান্য
জিরা গুঁড়া- আধা চা চামচ
হিং- ১ চিমটি

প্রস্তুত প্রণালি:

প্রথমে কচু ছিলে বড় বড় লম্বা টুকরা করে কেটে নিতে হবে। এবার কচুর একটি টুকরা নিয়ে বিপরীতমুখী করে কেটে নিন। একটি শিকলের মত করে তৈরি করে নিন। এবার সামান্য লবণ ও লেবুর রস মাখিয়ে নিন। চালের গুঁড়ার সঙ্গে সব মসলা মেখে নিন। পরিমাণ মত পানি দিয়ে গোলা তৈরি করুন। এবার একটি প্যানে তেল দিয়ে গোলায় কচু ডুবিয়ে মচমচে করে ভেজে তুলুন। মচমচে হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ইত্তেফাক/এনএসএন