রাশিতে অনেকেরই অগাধ বিশ্বাস। সেই বিশ্বাসে ভর করে রাশি দেখে দিন শুরু হয় তাদের। রাশিতেই খুঁজে ফিরেন জীবনের সব সমস্যার সমাধান, সব সৌন্দর্যের সুখ। তারা মনে করেন, পছন্দ-অপছন্দ, দোষ-গুণ সবই রাশির সঙ্গে সম্পর্কযুক্ত। এমনকি প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত সেটাও নির্ভর করে রাশির উপর। রাশিপ্রিয় জাতিকাদের বিউটি রুটিন কেমন জেনে নেওয়া যাক-
১. বৃষ, কন্যা এবং মকর-এই তিন রাশির জাতিকারা বাস্তববাদী হন এবং নিজেদের সিদ্ধান্ত থেকে হুটহাট সরে আসেন না। এদের প্রতীক পৃথিবী। যেহেতু তারা নিয়মের মধ্যে থাকতে ভালোবাসেন তাই রূপচর্চার রুটিনেও খুব একটা পরিবর্তন হয়না এই জাতিকাদের। সাধারণত, রূপচর্চার পেছনে সারাদিন সময় দেওয়া এদের পছন্দ নয়। আত্মপ্রত্যয়ী এই জাতিকারা যে বিউটি প্রোডাক্টই ব্যবহার করেন না কেন, সেগুলি সম্পর্কে তারা ভালো ভাবে জানেন। কর্মক্ষেত্রে একটি লিপস্টিক, একটি আইশ্যাডো আর একটি ব্লাশ এদের মেকআপ কিটে পাওয়া যাবেই।
২. সাধারণত কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতিকারা বেশ আবেগপ্রবণ হন। তবে এই তিন রাশির জাতিকারা নিজেদের প্যাম্পার করতে ভালোবাসেন। এরা যে কাজটাই করেন খুব মন দিয়েই করেন। কিন্তু সব কাজের পেছনে একটি কারণ খুঁজে বের করা তাদের স্বভাবজাত। এদের প্রতীক পানি। বিউটি প্রডাক্ট ব্যবহারে এরা খুব সতর্কতার সাথে বাছাই করে নেন।
৩. অন্যদের বিউটি টিপস দিতে ভালোবাসেন মেষ, সিংহ ও ধনু রাশির জাতিকারা। এরা অত্যন্ত প্যাশনেট এবং এনার্জেটিক হয়ে থাকেন। নিজেদের বিউটি চয়েস নিয়ে এরা সাহসী এবং আত্মবিশ্বাসী। নতুন নতুন মেকআপের পদ্ধতি শিখতেও ভালোবাসেন অগ্নি প্রতীকের জাতিকারা। বাজারে নয়া বিউটি প্রোডাক্ট আসলেই সেটা ব্যবহার করতে ভালোবাসেন। এবং যে কোনো কাজের মতো রূপচর্চাকেও নিখুঁত করতে চান তারা।
৪. তুলা, মিথুন ও কুম্ভ রাশির জাতিকারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন। বহুমুখী প্রতিভা থাকে এই তিন রাশির জাতিকাদের। হুটহাট কোনো বিউটি প্রডাক্ট এরা কিনে ফেলেন না। বরং কেনার আগে ভালো ভাবে যাচাই বাছাই করে নেন। বায়ু প্রতীকের অর্ন্তগত এই জাতিকারা কখনো সেলেব্রিটির বিউটি টিপসের ওপর নির্ভর করেন না। এদের নিজস্ব স্টাইল থাকে। এবং সেই স্টাইলেই তারা সবার নজর কাড়তে সক্ষম হন, হয়ে উঠেন অপরূপা।
ইত্তেফাক/আরএম