করোনাকালে বন্ধুর খোঁজে

এক জীবনে মানুষ প্রকৃত বন্ধুর খোঁজ করে যায়। কখনো পায় আবার কখনো পায় না। তাইতো বলা হয় বন্ধু পাওয়া অতো সহজ নয়। কার সাথে কথা বললে ভালো লাগবে, আড্ডায় প্রাণ খুলে হাসা যাবে, তা আগে থেকে বুঝা মুশকিল। ছোটবেলায় স্কুলে পড়ার সময় মা-বাবা বলতেন সবার সাথে বন্ধুত্ব করতে। মিলেমিশে চলতে। সে বয়স, সে বন্ধুত্ব সময়ের ব্যবধানে হারিয়ে গেছে। বয়স বাড়ার সাথে সাথে একের পর এক দায়িত্ব কাঁধে এসে ভর করে আর বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে যায়। 

যান্ত্রিক নাগরিক জীবনে মানুষের একাকিত্ব বাড়ছে। তার উপর এখন অস্বাভাবিক একটি সময়। কোথাও যাওয়ার নেই। চেনাজানা বন্ধুদের সাথে দেখা বা আড্ডা সে তো স্বপ্ন! বাজারে গেলেও মুখ ঢেকে কোনো মতে কাজ সেরে দৌড়ে বাড়ি ফেরা। নতুন করে কারো সাথে বন্ধুত্ব গড়ে তোলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে, এতে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। 

যার কেউ নেই তার আছে ইন্টারনেট। নেটমাধ্যমেই পাতিয়ে ফেলুন নতুন বন্ধুত্ব। এক সময়ে নেটমাধ্যমে আলাপ হওয়া কাউকে বিশ্বাস করার বিষয়ে সতর্ক করা হতো। সেই সতর্ক বার্তা মনে রাখতে হবে এখনও। প্রতারণার ফাঁদ সর্বত্র। বন্ধু নির্বাচনে সর্তক হতে হবে। তবে সাবধান হওয়া মানে এমন নয় যে, অচেনা কারো সঙ্গে কথা শুরুই করা যাবে না।

এতে ভয় পেলে আরো একটি উপায় আছে। তা হলো পুরনো বন্ধুদের সাথে নতুন ভাবে যোগাযোগ স্থাপন করা। দৈনন্দিন কাজের চাপে অনেকের সঙ্গেই নিয়মিত কথা হয় না আর। কিন্তু কথা শুরু করতে কতক্ষণ? নেটমাধ্যমে হোক বা টেলিফোনে, একবার কথা বলতে শুরু করলে পুরনো দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে না।

অন্য একটি উপায়ও আছে। কাউকে মনের মতো না ঠেকলে কোনো অনলাইন ক্লাসে যোগ দিন। নতুন কিছু শিখুন। ভাষা বা নাচ-গান, যেকোনো কিছুই শেখা যায়। এর মাধ্যমে আরো কয়েকজন সমমনস্ক মানুষের সঙ্গে পরিচয় ঘটবে। হতেই পারে কারো সঙ্গে কথা বলতে ভালো লাগল। ধীরে ধীরে সেখান থেকেই পেয়ে গেলেন নতুন বন্ধু।  

ইত্তেফাক/আরএম