অস্ট্রেলিয়ায় রেকর্ড তাপমাত্রা

গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় সবচে বেশি গরম পড়েছে। দেশটির ইতিহাসে সবচে বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এ সময়ে। ওই মাসে গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসকে অতিক্রম করে। ২০১৩ সালের পর এটাই সর্বোচ্চ তাপমাত্রা।

বিশ্বের এক প্রান্তে এমন তীব্র তাবদাহ চললেও আরেক প্রান্তে চলছে তীব্র শীত। বর্তমানে পৃথিবীর দক্ষিণ-পূর্বের দেশ অস্ট্রেলিয়া ও উত্তর-পশ্চিম যুক্তরাষ্ট্র-কানাডায় সম্পূর্ণ বিপরীত অবস্থা চলছে। এর ফলে পৃথিবীর উভয়প্রান্তের দেশগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেট্রোলজি এক প্রতিবেদনে বলেছে, গ্রীষ্মকালীন তাপদাহের মধ্যে এবার তাপমাত্রা ছিল ভয়াবহ নজিরবিহীন। জানুয়ারি মাসে দেশটির অন্তত ১০ জায়গায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সব জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত ছিল।

এ দিকে তীব্র তাপদাহের ফলে দেশটির বনভূমিতে আগুন লেগে বন্যপ্রাণী মারা যাচ্ছে। এ ছাড়া হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। ইতোমধ্যে আগুনে পুড়ে ৯০টি ঘোড়ার মৃত্যু হয়েছে। এ ছাড়া তাপদাহের ফলে নিউ সাউথ ওয়েলস রাজ্যে খরায় লাখ লাখ মাছ মারা গেছে।

তাপমাত্রা বৃদ্ধির নতুন এ রেকর্ড ২০১৩ সালের রেকর্ডকে অতিক্রম করেছে। সে সময় পর্যন্ত ওটাই ছিল সবচে বেশি তাপমাত্রা। অস্ট্রেলিয়ায় দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত বছর সিডনিতে ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল। 

১৯৩৯ সালের পর এটাই সবচে বেশি তাপদাহের দিন ছিল। ১৯৩৯ সালে সে সময় সিডনির তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়াবিদ ড. এন্ড্রিউ ওয়াটকিনস বলেন, জানুয়ারির প্রায় পুরো মাস তীব্র তাপদাহ জনজীবনে প্রভাব ফেলেছে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে স্থলভাগ এবং সাগরের তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে আগেই সতর্ক করেছে দেশটির বিশেষজ্ঞরা। ২০১৮ সালকে তৃতীয় এবং ২০১৭ সালাকে চতুর্থ তাপদাহের বর্ষ হিসেবে চিহ্নিত করেছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। 

আরও পড়ুনঃ ফিলিস্তিনে সব সাহায্য বন্ধ করল যুক্তরাষ্ট্র

২০১৮ সালের জলবায়ু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে দেশটিতে তীব্র তাপদাহ বাড়ছে। এর ফলে দেশটি নতুন বিপদের মুখোমুখি হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় ইতিহাসের মধ্যে গত বছর সবচে বড় খরা হয়। গত নভেম্বরে কুইন্সল্যান্ডে বনভূমিতে আগুন ধরে গেলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল।

বিবিসি

ইত্তেফাক/নূহু